শ্রাবণী উৎসবের ধুম, মাসজুড়ে জমজমাট থাকবে জটিলেশ্বর মন্দির
জলপাইগুড়ি, ১৪ জুলাই (হি.স.): পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে এবার জলপেশ মন্দিরের পাশাপাশি জটিলেশ্বর মন্দিরকেও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে পুরো মাস জুড়েই এখানে অনুষ্ঠিত হবে বিশেষ ''শ্রাবণী
জটিলেশ্বর মন্দির


জলপাইগুড়ি, ১৪ জুলাই (হি.স.): পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে এবার জলপেশ মন্দিরের পাশাপাশি জটিলেশ্বর মন্দিরকেও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে পুরো মাস জুড়েই এখানে অনুষ্ঠিত হবে বিশেষ 'শ্রাবণী উৎসব'।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত বিশেষ পুজো-অর্চনা, জলাভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুণ্যার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক বন্দোবস্ত করা হচ্ছে।

সম্প্রতি ময়নাগুড়ির বিধায়ক ডলিমা চন্দ্র রায় এবং বিডিও সৌমেন দাসের উপস্থিতিতে মন্দির কমিটির সঙ্গে এক বৈঠক করে এই প্রস্তুতির পর্যালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মন্দির চত্বরে একটি স্থায়ী মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং গোটা এলাকাকে আলোকমালায় সাজিয়ে তোলা হবে। এছাড়া, জলপেশ থেকে জটিলেশ্বর পর্যন্ত পুণ্যার্থীদের যাতায়াতের পথে পানীয় জলের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের রাত্রিযাপনের জন্য মন্দির প্রাঙ্গণের ঘরগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ অন্যান্য সুযোগ-সুবিধার কাজও দ্রুত গতিতে চলছে।

বিধায়ক ডলিমা চন্দ্র রায় জানান, জটিলেশ্বর মন্দিরে প্রতি বছরই বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে, কিন্তু এতদিন এই স্থানটি যেভাবে পরিচিতি পাওয়ার কথা ছিল, তা পায়নি। এবার সরকারের পক্ষ থেকে বড় স্তরে এই উৎসবের আয়োজন করে জটিলেশ্বরকে এক নতুন পরিচিতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, প্রশাসনের বক্তব্য— শ্রাবণী উৎসবকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের ফলে ময়নাগুড়িতে ধর্মীয় পর্যটনেরও ব্যাপক বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande