
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিন বাতিলের আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম. এম. সুন্দরেশ ও বিচারপতি পি. বি. ভারালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রায় ছয় বছর আগে দেওয়া জামিনের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও কারণ নেই।
আদালত একই সঙ্গে ঝাড়খণ্ড হাইকোর্টকে লালু প্রসাদ যাদব এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র দায়ের করা সংশ্লিষ্ট আপিলগুলির শুনানি আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করার নির্দেশ দিয়েছে।
সিবিআইয়ের দাবি ছিল, ঝাড়খণ্ড হাইকোর্ট লালু প্রসাদ যাদবের সাজা স্থগিত করে এবং জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করেনি। সংস্থার পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস. ভি. রাজু আদালতে বলেন, সাজাভোগের সময়সীমা গণনার ক্ষেত্রে হাইকোর্ট ভুল করেছে।
অন্যদিকে, লালু প্রসাদ যাদবের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, বিচারিক বিবেচনার ভিত্তিতেই হাইকোর্ট জামিন মঞ্জুর করেছিল। পাশাপাশি তিনি বলেন, একাধিক সাজা একসঙ্গে বা ধারাবাহিকভাবে কার্যকর হওয়ার প্রশ্নটি চূড়ান্ত রায়ের সময় বিবেচ্য, জামিনের পর্যায়ে নয়।
সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, এতদিন পরে জামিনের আদেশে হস্তক্ষেপ করার পরিবর্তে ঝুলে থাকা আপিলগুলির দ্রুত নিষ্পত্তিই বেশি সমীচীন।
উল্লেখ্য, দেবঘর ও চাইবাসা কোষাগার-সংক্রান্ত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১৭ সালে বিশেষ আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ঝাড়খণ্ড হাইকোর্ট ২০১৯ ও ২০২০ সালে সংশ্লিষ্ট মামলাগুলিতে তাঁর সাজা স্থগিত রেখে জামিন মঞ্জুর করে। সেই নির্দেশগুলিকেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল সিবিআই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য