মোশি ভবন দুর্ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন মহারাষ্ট্র সরকারের
মুম্বই, ১৪ জুলাই (হি.স.) : পুণে জেলার মোশি ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পে আবর্জনার স্তূপ ধসে ভবন চাপা পড়ার ঘটনায় উচ্চপর্যায়ের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার। পুণে বিভাগের ডিভিশনাল কমিশনার শীতল তেলি-উগালের নেতৃত্বে গঠিত এই কমিটি
মোশি ভবন দুর্ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন মহারাষ্ট্র সরকারের


মুম্বই, ১৪ জুলাই (হি.স.) : পুণে জেলার মোশি ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পে আবর্জনার স্তূপ ধসে ভবন চাপা পড়ার ঘটনায় উচ্চপর্যায়ের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার। পুণে বিভাগের ডিভিশনাল কমিশনার শীতল তেলি-উগালের নেতৃত্বে গঠিত এই কমিটি দুর্ঘটনার কারণ, প্রযুক্তিগত ত্রুটি এবং দায় নির্ধারণ করে রিপোর্ট জমা দেবে।

গত ৮ জুলাই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হয়। তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে প্রাথমিক এবং দু'মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কেও সুপারিশ করতে হবে।

কমিটিতে মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক, আইআইটি বম্বের ভূ-প্রযুক্তি ও কাঠামোগত প্রকৌশল বিশেষজ্ঞ অধ্যাপক ডি. এন. সিং, পরিবেশ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক অনিল কুমার দীক্ষিত এবং পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী কমিশনার সদস্য হিসেবে রয়েছেন।

তদন্তে আবর্জনার স্তূপের উচ্চতা, ঢাল, স্থায়িত্ব ও বর্জ্য ফেলার পদ্ধতি নির্ধারিত প্রযুক্তিগত মান মেনেছিল কি না, তা খতিয়ে দেখা হবে। ধসে পড়া ভবনের অবস্থান, কাঠামোগত নিরাপত্তা এবং নির্মাণগত স্থিতিশীলতাও পরীক্ষা করা হবে।

এ ছাড়া দুর্ঘটনার আগে ভূমিধসের আশঙ্কা, আবর্জনার স্তূপ সরে যাওয়া, ভারী বৃষ্টি বা অন্য কোনও সতর্কবার্তা নিয়ে দাখিল হওয়া অভিযোগ, ই-মেল, হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি ও অন্যান্য নথিও খতিয়ে দেখবে কমিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঠিকাদাররা সময়মতো ব্যবস্থা নিয়েছিল কি না, তাও তদন্তের আওতায় থাকবে।

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬, পরিবেশগত ছাড়পত্রের শর্ত, নিরাপত্তা বিধি এবং অন্যান্য প্রযুক্তিগত নির্দেশিকা যথাযথভাবে মানা হয়েছিল কি না, সেটিও পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সরকারি আধিকারিক, ঠিকাদার, প্রকল্প পরামর্শদাতা ও বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদ, নথি, চুক্তিপত্র, সিসিটিভি ফুটেজ, ড্রোন সমীক্ষা এবং অন্যান্য ডিজিটাল তথ্য পরীক্ষা করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।

তদন্তে প্রশাসনিক গাফিলতি, প্রযুক্তিগত ত্রুটি, পরিবেশগত নিয়ম বা চুক্তিভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি। পাশাপাশি প্রকল্প এলাকায় ঝুঁকি মূল্যায়ন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বৃষ্টির জল নিষ্কাশন এবং দুর্যোগ মোকাবিলা আরও শক্তিশালী করার সুপারিশও করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande