বিদ্যুৎ চুরি রুখতে গিয়ে প্রতিবেশীর হাতে নিগৃহীত ব্যক্তি, গোলাঘাটে উত্তেজনা
গোলাঘাট (অসম), ১৪ জুলাই (হি.স.) : বিদ্যুৎ চুরিকে কেন্দ্র করে সোমবার রাতে গোলাঘাট জেলার অন্তর্গত তেলনগরী নুমলিগড় থানায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় জনৈক ব্যক্তিকে লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে তাঁর
বিদ্যুৎ চুরি_প্রতিনিধিত্বমূলক চিত্র


গোলাঘাট (অসম), ১৪ জুলাই (হি.স.) : বিদ্যুৎ চুরিকে কেন্দ্র করে সোমবার রাতে গোলাঘাট জেলার অন্তর্গত তেলনগরী নুমলিগড় থানায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় জনৈক ব্যক্তিকে লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। নুমলিগড়ের দৈগ্ৰোং এলাকায় সংগঠিত এই ঘটনায় আহত ব্যক্তির নাম হিরু গগৈ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারন খুঁজতে গিয়ে হিরু গগৈ দেখতে পান, তাঁর প্রতিবেশী পাপ্লু নাগ কোনও বৈধ বিদ্যুৎ মিটার ছাড়াই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের ব্যবসা চালাচ্ছেন।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে নিজের বাড়ির মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কায় হিরু গগৈ যখন এর প্রতিবাদ করেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর পাপ্লু নাগ এবং তাঁর স্ত্রী হিরু গগৈয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। একসময় লোহার রড দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়। হামলায় হিরু গগৈয়ের হাত, পা ও পিঠে গুরুতর আঘাত লাগে।

উল্লেখ্য, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় এপিডিসিএল (আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড)-এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে সতর্ক করে গিয়েছিলেন।

এদিকে গতরাতে সংগঠিত ঘটনার পর আহত হিরু গগৈ আজ পরিবারের সদস্যদের নিয়ে নুমলিগড় থানায় গিয়ে পাপ্লু নাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের সময় থানায়ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande