
হাওড়া, ১৪ জুলাই (হি. স.) : হাওড়া মেট্রো স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীদের তৎপরতায় হাওড়া মেট্রো স্টেশনে উদ্ধার হলো বিপুল পরিমাণ রুপোর বার। প্রতিদিনের মতো রুটিন তল্লাশি চালানোর সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৬.৪ কেজি রুপোর বার বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩.৮৮ লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মেট্রো রেল সূত্রের খবর, গত ১৩ জুলাই ২০২৬, সোমবার দুপুর ১টা বেজে ৩ মিনিট নাগাদ হাওড়া মেট্রো স্টেশনে সাধারণ যাত্রীদের ব্যাগ পরীক্ষা ও নিরাপত্তার কাজ চলছিল। সেই সময় ডিউটিতে থাকা আরপিএফ কর্মীরা এক যাত্রীর হ্যান্ডব্যাগটি স্ক্যান করার জন্য এক্স-রে মেশিনে দেন।
ব্যাগটি মেশিনের স্ক্রিনে আসতেই সেটির ভেতরে সন্দেহজনক কিছু ধাতব বস্তুর উপস্থিতি দেখতে পান আরপিএফ কর্মীরা। ব্যাগের ভেতরের জিনিসপত্র নিয়ে সন্দেহ দানা বাঁধায় কর্তব্যরত কর্মীরা তৎক্ষণাৎ তৎপর হয়ে সংশ্লিষ্ট যাত্রীকে আটকে দেন।
পরিস্থিতি বুঝে আরপিএফ আধিকারিকরা সঙ্গে সঙ্গে স্থানীয় গোলাবাড়ি থানার পুলিশকে বিষয়টি জানান এবং স্টেশন চত্বরে থাকা অন্যান্য নিরাপত্তা কর্মীদেরও অ্যালার্ট করা হয়। এরপর পুলিশ এসে ব্যাগটি তল্লাশি করতেই ওই বিপুল পরিমাণ রুপোর বার উদ্ধার হয়। ধৃত ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত