মিজোরামে প্রবল ধস, তলিয়ে গেছে বসতবাড়ি, দোকান, হতাহতের খবর নেই
আইজল, ১৪ জুলাই (হি.স.) : টানা বৃষ্টির জেরে সৃষ্ট প্রবল পাহাড় ধসে মিজোরামের লুংলেই জেলায় দুটি বাড়ি, একটি রাস্তার ধারের খাবারের দোকান এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তলিয়ে গেছে। তবে আগাম সতর্কতার ভিত্তিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় ক
ছবি আইটিএনই-র সৌজন্যে


আইজল, ১৪ জুলাই (হি.স.) : টানা বৃষ্টির জেরে সৃষ্ট প্রবল পাহাড় ধসে মিজোরামের লুংলেই জেলায় দুটি বাড়ি, একটি রাস্তার ধারের খাবারের দোকান এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তলিয়ে গেছে। তবে আগাম সতর্কতার ভিত্তিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার ভোর প্রায় পাঁচটা নাগাদ তাউইপুই সাউথ গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে রাস্তার অপর পাশে অবস্থিত দুটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে লুংলেই ও লংত্লাই জেলাকে সংযোগকারী ২ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হয়েছে।

প্রশাসনিক সূত্র জানিয়েছে, গত ৯ জুলাই থেকে এলাকায় একাধিক ছোট ছোট ধসের ঘটনা ঘটছিল। সোমবার বড় ধরনের ভূমিধসের আশঙ্কা স্পষ্ট হওয়ার পর বাসিন্দারা তাঁদের মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনগুলির বাসিন্দাদেরও আগেভাগেই সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

অধিকারিকরা জানান, পাহাড়ের ঢাল এখনও অস্থিতিশীল থাকায় এবং ক্রমাগত মাটি ধসে পড়ার আশঙ্কায় ভূমিধসের ধ্বংসাবশেষ এখনও সরানো সম্ভব হয়নি। এতে পুনরুদ্ধারের কাজও ব্যাহত হচ্ছে।

লুংলেই থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং লংত্লাই থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত তাউইপুই সাউথ গ্রাম আজকের ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে লংত্লাই জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।

প্রসঙ্গত, জুলাই মাসের শুরু থেকেই মিজোরামে অবিরাম বৃষ্টি হচ্ছে। এর জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধস, পাথর ধস এবং বন্যার ঘটনা ঘটছে। এদিকে, ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আইজল সহ মিজোরামের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর ফলে বৃষ্টিজনিত আরও দুর্যোগের আশঙ্কা বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande