
জয়পুর, ১৪ জুলাই (হি.স.) : বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান-সহ সব ধরনের গণ-অনুষ্ঠানে এবার থেকে বৈধ এফএসএসএআই লাইসেন্স বা নিবন্ধনপ্রাপ্ত হালুইকর, ক্যাটারার এবং খাদ্য পরিষেবা প্রদানকারীরাই খাবার প্রস্তুত ও পরিবেশন করতে পারবেন। খাদ্য সুরক্ষা ও ওষুধ নিয়ন্ত্রণ দফতরের জারি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এ এই নির্দেশ কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার জয়পুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রবি শেখাওয়াত জানান, অনুষ্ঠান আয়োজনের আগে আয়োজক বা ক্যাটারারকে নির্দিষ্ট আধিকারিকের কাছে অনুষ্ঠানের তারিখ, সময়, স্থান, আয়োজকের নাম ও মোবাইল নম্বর, ক্যাটারারের নাম, এফএসএসএআই লাইসেন্স নম্বর, সম্ভাব্য অতিথির সংখ্যা এবং কোথায় খাবার প্রস্তুত ও পরিবেশন করা হবে, তার বিস্তারিত জানাতে হবে।
জেলার সমস্ত হালুইকর, ক্যাটারার ও খাদ্য ব্যবসায়ীর নথি যাচাই করা হবে। বৈধ লাইসেন্স বা নিবন্ধন ছাড়া খাদ্য ব্যবসা পরিচালনা করলে খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (জয়পুর-২) ডা. মনীশ মিত্তল জানান, ম্যারেজ গার্ডেন, ব্যাঙ্কোয়েট হল, হোটেল, ধর্মশালা, কমিউনিটি হল এবং ফার্মহাউস কর্তৃপক্ষকেও নিশ্চিত করতে হবে যে, তাদের প্রাঙ্গণে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত খাদ্য ব্যবসায়ীরাই খাবার প্রস্তুত ও পরিবেশন করছেন।
বড় আকারের অনুষ্ঠানে খাদ্য সুরক্ষা আধিকারিকরা ঝুঁকি-ভিত্তিক পরিদর্শন করবেন। খাবারের গুণমান, পরিচ্ছন্নতা, নিরাপদ পানীয় জল, সংরক্ষণ ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পরীক্ষার জন্য খাদ্যের নমুনাও সংগ্রহ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য