
শ্রীভূমি (অসম), ১৪ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলা সদর শহরে ঘোলা ও অস্বাস্থ্যকর পানীয় জল সরবরাহের অভিযোগে সরব হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। আজ মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল সেটেলমেন্ট এলাকায় অবস্থিত জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের কার্যালয়ে গিয়ে বিভাগীয় অভিযন্তা মনদ্বীপ করের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবি সংবলিত এক স্মাৰকপত্র তাঁর হাতে পেশ করেছে।
তাপস পুরকায়স্থ অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে লঙ্গাই জলশোধনাগার থেকে শহরের বিভিন্ন এলাকায় ঘোলা জল সরবরাহ করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন, রয়েছে স্বাস্থ্যঝুঁকিও। তিনি জানান, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না বিষয়টি অসম বিধানসভায়ও উত্থাপন করেছেন। পাশাপাশি তিনি লঙ্গাই প্ল্যান্টের নির্মাণকাজ কবে শেষ হবে, সে বিষয়েও জানতে চান তিনি। জবাবে বিভাগীয় অভিযন্তা মনদ্বীপ কর জানান, ঘোলা জল সরবরাহের বিষয়টি তাঁদের নজরে এসেছে। আগামী ২-৩ দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, লঙ্গাই প্ল্যান্টের আধুনিকীকরণের কাজ চলছে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে তা সম্পূর্ণ হওয়ার কথা।
এদিকে, জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান শাহাদত চৌধুরী অভিযোগ করেন, শহরের বহু পুরনো পাইপলাইন ভেঙে পড়েছে। জল সরবরাহের সময় পাইপ ফেটে রাস্তায় জল জমে, আর সরবরাহ বন্ধ হলে ওই ফাটা অংশ দিয়ে নোংরা জল পাইপে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়। এতে জনস্বাস্থ্য যেমন ঝুঁকির মুখে পড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের রাস্তাঘাটও।
প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান শাহাদাত আহমেদ চৌধুরী, শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত, ধ্রুবজ্যোতি দাস, অহিরঞ্জন দে সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
দু-তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস মিললেও, করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটাই দাবি, নিয়মিত ও নিরাপদ বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করুক জনস্বাস্থ্য বিভাগ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস