
শিবসাগর (অসম), ১৪ জুলাই (হি.স.) : শিবসাগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্গটনায় অপর একজন গুরুতরভাবে আহত হয়েছেন। দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ শিবসাগর সদর থানার অন্তর্গত আখৈফুটিয়া লংচাই সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবককে ডিমৌর চড়গুয়ার বাসিন্দা গোবিন্দ দাস (প্রায় ২৫) বলে শনাক্ত করা হয়েছে। গোবিন্দ তাঁর বড় বোনকে শিবসাগর শহর থেকে চড়গুয়ায় তাঁদের নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এএস ০৪ এবি ৩২৮০ নম্বরের স্কুটিতে করে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আগত এএস ০৬ এবি ০২০৪ নম্বরের অপর একটি স্কুটির সঙ্গে তাঁর স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত গোবিন্দ দাসকে দ্রুত শিবসাগর অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত অপর যুবককেও শিবসাগর অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডিমৌর রাজাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে চিকিৎসকরা জানান, তিনি আশঙ্কামুক্ত। এদিকে এ খবর লেখা পর্যন্ত আহত যুবকের নাম জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস