
কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের রাশ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাতে যাচ্ছে বলে যে খবর রটেছে, তার প্রতিবাদ করলেন তিনি নিজেই। উল্টে দাবি করেছেন, “দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়”,
এক্সবার্তায় তিনি লিখেছেন, “কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না।
একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন—সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন।
পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক—এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত