
শ্রীভূমি (অসম), ১৪ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত চারটি বিধানসভা এলাধীন বিদ্যালয়গুলিতে আজ ১৪ জুলাই থেকে সংগীত, নৃত্য, অঙ্কন, যোগা ইত্যাদি নিয়ে গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে, চলবে ৩১ জুলাই পর্যন্ত।
শ্রীভূমির জেলাশাসক জানিয়েছেন, রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের নির্দেশনা অনুসারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ক্লাবের পরিচালনায় গ্রীষ্মকালীন কর্মশালার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এতে ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত বঙ্গভবনে ১৫ থেকে ২৯ জুলাই উইংস ফর ইয়ুথ এনজিও-র পরিচালনায় নৃত্য, কারুশিল্প ও যোগার ওপর কর্মশালা চলবে। পাশাপাশি বেবিল্যান্ড ইংলিশ হাইস্কুলে ১৭ থেকে ৩১ জুলাই সপ্তসুর সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় নৃত্য, নাটক, লোকনৃত্য, যোগা ও সংগীতের কর্মশালা চলবে।
এদিকে ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকাধীন নিলামবাজারের সরস্বতী বিদ্যানিকেতনে ১৪ থেকে ২৮ জুলাই পরাণ দ্য ব্যালেটশপ সোসাইটির পরিচালনায় নাটকের কর্মশালা চলছে। এতে নিলামবাজারের এসভি বিদ্যানিকেতন এইচএস স্কুলে ১৬ থেকে ৩০ জুলাই শিব দুর্গা ক্লাবের পরিচালনায় সংগীত ও অঙ্কন কর্মশালা চলবে।
পাশাপাশি ১২৫ পাথারকান্দি বিধানসভা এলাকাধীন শিবেরগুলে অবস্থিত মহাবীর এইচএস স্কুলে ১৫ থেকে ২৯ জুলাই চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের পরিচালনায় নৃত্য, সংগীত, যোগা, অঙ্কন ও কারুশিল্পের কর্মশালা চলবে। এদিকে পাথারকান্দির মডেল এইচএস স্কুলে ১৭ থেকে ৩১ জুলাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাংস্কৃতিক পরিষদ প্রতাপগড় আঞ্চলিক কমিটির পরিচালনায় নৃত্য, সংগীত ও যোগার কর্মশালার আয়োজন করা হয়েছে।
১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা এলাকাধীন রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচএস স্কুলে ১৭ থেকে ৩১ জুলাই সংস্কার ভারতীর সহযোগিতায় বিজয় উদ্যানের পরিচালনায় সংগীত, নৃত্য ও টেরাকোটার কর্মশালা চলবে। এছাড়া দুল্লভছড়ার সিভিপি এইচএস স্কুলে ১৭ থেকে ৩১ জুলাই বিজয় উদ্যানের পরিচালনায় সংগীত, নৃত্য ও অঙ্কন কর্মশালা চলবে, জানিয়েছেন জেলাশাসক।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস