
কলকাতা, ১৪ জুলাই (হি. স.):-প্রায় দুই দশক পর কলকাতায় আসার কথা জানালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সোমবার সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি জানান, আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এই পোস্ট প্রকাশ্যে আসতেই সাহিত্য ও সংস্কৃতি মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।উল্লেখ্য, ২০০৭ সালে কলকাতায় বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর তসলিমা নাসরিনকে শহর ছাড়তে হয়। এরপর বিভিন্ন সময়ে তাঁর কলকাতায় ফেরার উদ্যোগের কথা শোনা গেলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘ ২০ বছর ধরে তাঁর কলকাতায় প্রত্যাবর্তন অনিশ্চিতই ছিল।সামাজিক মাধ্যমে করা পোস্টে তসলিমা নাসরিন কলকাতায় ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তবে তাঁর এই সফর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নিরাপত্তা সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়নি।কলকাতার সঙ্গে তসলিমা নাসরিনের সম্পর্ক বরাবরই আবেগঘন। অতীতেও তিনি একাধিকবার এই শহরের প্রতি নিজের টান ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এখন ১ আগস্টের নির্ধারিত সাহিত্য সম্মেলনে তাঁর উপস্থিতি শেষ পর্যন্ত নিশ্চিত হয় কি না এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয় কি না, সেদিকেই নজর থাকবে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি মহলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়