
গুয়াহাটি, ১৪ জুলাই (হি.স.) : গত এক দশকে অসমে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই সময়কালে ২ লক্ষ ৪১ হাজারের বেশি বিদেশি পর্যটক সহ মোট ৬ কোটিরও বেশি দেশীয় পর্যটক রাজ্য ভ্রমণ করেছেন, আজ মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন পর্যটনমন্ত্রী অজন্তা নেওগ।
কংগ্রেস বিধায়ক রেকিবউদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে পর্যটনমন্ত্রী অজন্তা জানান, ২০১৬-১৭ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে মোট ৬,০৪,৮৫,৬৩৮ জন পর্যটক অসম ভ্রমণ করেছেন। এর মধ্যে ২,৪১,১৯২ জন ছিলেন বিদেশি পর্যটক।
বিধানসভায় মন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে সর্বাধিক পর্যটকের আগমন ঘটেছিল। ওই সময়ে মোট ৯৮,৩১,১৪১ জন পর্যটক অসম ভ্রমণ করেছেন। এর মধ্যে ১৮,৯৪৬ জন ছিলেন আন্তর্জাতিক পর্যটক। কোভিড-১৯ অতিমারির পর পর্যটন ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে পর্যটকের সংখ্যা বেড়েছে।
অন্যদিকে, ২০২০-২১ অর্থবর্ষে কোভিড-১৯ অতিমারির চরম সময়ে পর্যটকের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ওই বছরে মাত্র ১৩,৫২,০৩৭ জন পর্যটক অসমে এসেছিলেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৩৪৭। ভ্রমণ নিষেধাজ্ঞা এবং স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে পর্যটন ক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
মন্ত্রী জানান, যুক্তরাজ্য, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, নেপাল, বাংলাদেশ, কানাডা, শ্রীলঙ্কা, জাপান, স্পেন, বেলজিয়াম, ইজরায়েল সহ বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকেরা অসমে পর্যটন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অজন্তা নেওগ আরও বলেন, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশ সম্প্রতি অসম ভ্রমণ সংক্রান্ত তাদের পূর্ববর্তী ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) সংশোধন করেছে। তিনি বলেন, এটি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিফলন এবং এর ফলে অসম আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে উঠে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস