
শিলিগুড়ি, ১৪ জুলাই (হি. স.) : পাহাড়ের প্রশাসনে স্বচ্ছতা ও উন্নয়নের গতি বাড়াতে মঙ্গলবার উত্তরকন্যায় এক উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জিটিএ এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে বর্ষাকালে ধস মোকাবিলা, প্রশাসনিক সংস্কার এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অতীতে প্রস্তুত হওয়া প্রায় ২০০ কোটি টাকার ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বিশাল লামা জানান, সাধারণ মানুষের স্বার্থে নয়, বরং ঠিকাদার ও কিছু প্রভাবশালী ব্যক্তির সুবিধার জন্য তৈরি হওয়া প্রকল্পগুলি বাতিল করে জিটিএ-তে স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক ও মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে।সাংসদ রাজু বিস্তা জানান, জিটিএ-র ৩৬০ কোটি টাকার বার্ষিক বাজেটের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে অতিরিক্ত ২৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে। পানীয় জল, রাস্তা ও সেতুর মতো মৌলিক পরিকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, ১ কোটি টাকার বেশি মূল্যের প্রায় ৫০টি প্রকল্পের বিভাগীয় তদন্ত ও অডিট চলছে। প্রয়োজনে সিএজি, ইডি বা সিবিআইয়ের মাধ্যমে তদন্তের বিষয়েও সরকার সিদ্ধান্ত নেবে বলে বৈঠকে জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়