বিশ্বমঞ্চে দার্জিলিংয়ের টয় ট্রেন, ইউনেস্কোর বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবে ডিএইচআর
শিলিগুড়ি, ১৪ জুলাই: পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের বুক চিরে চলা দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আয়োজিত ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ অংশ নেওয়া
দার্জিলিংয়ের টয় ট্রেন


শিলিগুড়ি, ১৪ জুলাই: পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের বুক চিরে চলা দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আয়োজিত ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ অংশ নেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)।

আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে চলা আট দিনের এই আন্তর্জাতিক বৈঠকে ভারতসহ মোট ২১টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী। তিনি জানান, এই আন্তর্জাতিক মঞ্চে দার্জিলিংয়ের টয় ট্রেনকে একটি ‘লিভিং হেরিটেজ’ হিসেবে উপস্থাপন করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম ডিএইচআর এই বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে।

সমতল থেকে পাহাড় পর্যন্ত তার অনন্য সফরের মাধ্যমে কীভাবে এই ঐতিহাসিক ট্রেন পরিষেবা দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে আসছে এবং দার্জিলিংয়ের সংস্কৃতির সঙ্গে এর আত্মিক সম্পর্ক রয়েছে, তা এই বৈঠকে বিশদে তুলে ধরা হবে।

এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী স্থান বা হেরিটেজ সাইটগুলির সংরক্ষণ এবং আধুনিকীকরণ নিয়ে আলোচনা করা হবে। ডিএইচআর কর্তাদের মতে, এই ফোরাম থেকে প্রাপ্ত অভিজ্ঞতা টয় ট্রেনের পরিষেবা এবং পরিকাঠামোকে আরও উন্নত করতে সাহায্য করবে।

এর পাশাপাশি, প্রতিনিধিদের বেশ কয়েকটি আন্তর্জাতিক হেরিটেজ সাইট ঘোরানো হবে। সেখান থেকে নেওয়া শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দার্জিলিং টয় ট্রেনের মূল ঐতিহাসিক রূপ ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই একে আরও আধুনিক করে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande