
ঢাকা, ১৪ জুলাই (হি.স.) : রাজধানীর উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তিন দফা দাবির ভিত্তিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচির সময় আন্দোলনকারী জনৈক শিক্ষার্থীর হাতে ওয়াকিটকি (ওয়্যারলেস যোগাযোগ যন্ত্র) দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক - মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেন।
আন্দোলনকারী ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ অভিযোগ করেন, বর্তমান শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন। তিনি দাবি করেন, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নপত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
তিনি বলেন, ‘যতদিন বৈরী আবহাওয়া থাকবে ততদিন পরীক্ষা স্থগিত রাখতে হবে। যারা ১৩ জুলাই ফিজিক্স ও অ্যাকাউন্টিং পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাঁদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এছাড়া সম্পূর্ণ সিলেবাস শেষ হওয়ার আগেই পরীক্ষা নেওয়ায় অনেকের পরীক্ষা প্রত্যাশামাফিক হয়নি এবং এতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন তিনি।
এর আগে একই দাবিতে সায়েন্সল্যাব এলাকায় কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি এমন শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ।
এদিকে, উত্তরার আন্দোলনে এক শিক্ষার্থীর হাতে ওয়াকিটকি ব্যবহারের ভিডিও ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা বা ওয়াকিটকির ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস