
আরামবাগ , ১৪ জুলাই (হি.স.): একটানা বৃষ্টিতে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ায়। জানা গেছে, এলাকার বাসিন্দা শেখ সিরাজ আলমের দোতলা মাটির বাড়িটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় দীর্ঘদিনের বসতভিটে। সৌভাগ্যবশত পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
বাড়ি ভেঙে পড়ার ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র। পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম টোটোটিও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি জীবিকার পথও কার্যত বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি।
কান্নাজড়িত কণ্ঠে শেখ সিরাজ আলম দাবি করেন, আগের সরকারের আমলে কাটমানি দিতে না পারায় তিনি আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাননি। এখন সর্বস্ব হারিয়ে নতুন সরকারের কাছে তাঁর একটাই আবেদন, দ্রুত আবাস যোজনার আওতায় একটি পাকা বাড়ির ব্যবস্থা করা হোক, যাতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।
স্থানীয় বাসিন্দারাও পরিবারটির পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তাঁদের মতে, বর্ষাকালে মাটির বাড়ি ভেঙে পড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। তাই প্রকৃত প্রয়োজন রয়েছে এমন পরিবারের দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। এখন প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA