
আরামবাগ, ১৪ জুলাই (হি.স.): তোলাবাজি, এলাকায় অশান্তি সহ একাধিক অভিযোগে গ্রেফতার গোঘাটের দাপুটে তৃণমূল নেতা ফরিদ খান। তিনি গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন। গত ২১ মে গোঘাটের পশ্চিমপাড়ার ঝরিয়া এলাকায় ফরিদের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হাত কামান ও বারুদভর্তি বস্তা উদ্ধার হয়। তারপর থেকেই ওই তৃণমূল নেতা পলাতক ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ ছিল, ভোটের ফল অন্যরকম হলে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই ওইসব অস্ত্রসস্ত্র মজুত করে রেখেছিল। তারপর থেকেই ফরিদকে গ্রেফতার করার দাবি ওঠে। অবশেষে কলকাতার দমদম থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, ফরিদ আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার ও সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝির ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে তোলার সময় সংবাদমাধ্যমে বলেন, তাঁকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA