
হুগলি , ১৪জুলাই (হি.স.): টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে ফুলে-ফেঁপে ওঠা নদীর প্রবল স্রোতে মঙ্গলবার তলিয়ে গেল এক নাবালিকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি–মেদিনীপুর সীমান্ত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় আচমকাই পা পিছলে নদীতে পড়ে যায় ওই নাবালিকা। প্রবল স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই সে জলের তোড়ে ভেসে যায়। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালান। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নাবালিকার কোনও সন্ধান মেলেনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে। নাবালিকার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর এলাকায় বলে জানা গিয়েছে।
টানা বর্ষণের জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনে জলমগ্ন রাস্তা বা নদীপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA