১৬৭ তম আয়কর দিবস উপলক্ষে রহড়া রামকৃষ্ণ মিশনে বিশেষ স্বচ্ছতা অভিযান
কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : ১৬৭তম আয়কর দিবস উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচিতে সামিল হল পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দফতর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আয়োজিত হয় বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’। কর্মসূচির
স্বচ্ছতা অভিযান


কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : ১৬৭তম আয়কর দিবস উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচিতে সামিল হল পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দফতর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আয়োজিত হয় বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’। কর্মসূচির সূচনা করেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ (আইআরএস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী কমলাস্থানন্দ মহারাজ।

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ করা হয়। পরে রহড়ার রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অনাথ পড়ুয়াদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন আয়কর দফতরের আধিকারিকেরা। এর পর নিকটবর্তী মহাদেব-এ-আঠ আদিবাসী গ্রামে পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাশ্রমে অংশ নেন দফতরের কর্মী-আধিকারিকেরা। তাঁদের সঙ্গে হাত মেলান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। গ্রামবাসীদের স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিশুদের মধ্যেও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সুরভি ভার্মা গর্গ বলেন, এই উদ্যোগ ‘স্বচ্ছ ভারত মিশন’-এর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। স্বামী কমলাস্থানন্দ মহারাজের কথায়, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। সম্মিলিত উদ্যোগেই সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আয়কর দিবস উপলক্ষে এই কর্মসূচি দফতরের সামাজিক দায়বদ্ধতার বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande