
হুগলি ,১৪ জুলাই (হি.স.): আসন্ন শ্রাবণী মেলা ২০২৬-কে সামনে রেখে পুণ্যার্থীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা পরিষেবা আরও জোরদার করতে মঙ্গলবার হুগলি জেলার বৈদ্যবাটির কানাইদেবান ঘাটে জল অ্যাম্বুল্যান্স (ওয়াটার অ্যাম্বুল্যান্স) পরিষেবার শুভ সূচনা করা হয়েছে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটির বিধায়ক দিলীপ সিং, হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুজ প্রতাপ সিং, মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডা. মৃগাঙ্ক মৌলি কর, চন্দননগরের মহকুমাশাসক আশুতোষ কুমার, শ্রীরামপুরের মহকুমাশাসক সোমভূদ্বীপ সরকার, ডিএমডিসি সমীরণ ভট্টাচার্য, নবদীপ্ত মণ্ডল-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবণী মেলার সময় বিপুল সংখ্যক পুণ্যার্থী গঙ্গার ঘাট এবং তারকেশ্বরের উদ্দেশ্যে যাতায়াত করেন। সেই সময় জলপথে কোনো দুর্ঘটনা বা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই জল অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে।
প্রশাসনের দাবি, এই উদ্যোগের ফলে শ্রাবণী মেলা চলাকালীন পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রোগীদের চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA