
।। রাজীব দে ।।
সিলেট, ১৫ জুলাই (হি.স.) : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে কোতোয়ালী মডেল থানাধীন ইসকন যুগলটিলা শ্রীশ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক।
আজ বুধবার বেলা দুটা নাগাদ পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। রথযাত্রা-২০২৬ চলাকালীন সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত প্রস্তুতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক।
তিনি মন্দির পরিচালন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)গৌতম দেব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এবং মন্দির পরিচালন কমিটির সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধমাধব দাস সহ মন্দিরের অন্যান্য পদাধিকারী।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস