উৎসবের আমেজে আগামীকাল ঢাকায় শুরু নয় দিবসীয় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এলজিআরডি মন্ত্ৰী প্রমুখ বহু বিশিষ্টজন, ২৪ জুলাই উল্টো রথযাত্রা ।। রাজীব দে ।। ঢাকা, ১৫ জুলাই (হি.স.) : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধান
রথযাত্ৰা_প্রতিনিধিত্বমূলক চিত্র


উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এলজিআরডি মন্ত্ৰী প্রমুখ বহু বিশিষ্টজন, ২৪ জুলাই উল্টো রথযাত্রা

।। রাজীব দে ।।

ঢাকা, ১৫ জুলাই (হি.স.) : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকায় শুরু হচ্ছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে নয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটবে।

রথযাত্রার প্রথম দিন সকাল ৮-টায় রাজধানীর স্বামীবাগে অবস্থিত ইসকন মন্দিরে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হবে।

এর পর বেলা একটায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজনকান্তি সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ সচিব (প্রতিমন্ত্রী পদমর্যাদা; হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) এবিএম আব্দুস সাত্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপসচন্দ্র পাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিস রায় মধু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন কমিশনার মকবুল হোসেন টিপু প্রমুখ বহু বিশিষ্টজন।

আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩-টায় শুরু হবে বর্ণাঢ্য রথযাত্রা। তিনটি সুবিশাল আধুনিক ফোল্ডিং রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে আরোহন করিয়ে শোভাযাত্রা বের করা হবে। হরিনাম সংকীর্তনে মুখরিত শোভাযাত্রাটি রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দির থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

উৎসব উপলক্ষ্যে প্রতিদিন অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথদেবের লীলাকথা, পদাবলী কীর্তন, ভজন, বৈদিক নাটক, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ।

আগামী ২৪ জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে পৌঁছানোর মধ্য দিয়ে নয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande