
কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : বাংলা তথা ভারতীয় নাট্যজগতের প্রথাভাঙা নাট্যকার ও নাট্যচিন্তক বাদল সরকারের জন্মদিন উপলক্ষে বুধবার ধুবুলিয়া কথাশিল্পের উদ্যোগে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আসর বসে ধুবুলিয়া বটতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাগৃহে। বাদল সরকারের জীবন, নাট্যদর্শন, কবিতা, নাটক এবং তাঁর নাটকে ব্যবহৃত গানকে কেন্দ্র করে সাজানো হয়েছিল আলোচনা ও পরিবেশনার পর্ব।
তৃতীয় রীতির নাটকের দীর্ঘদিনের অভিনেতা উত্তম প্রামাণিক বাদল সরকারের নাটকের গান পরিবেশন করেন। স্মৃতিচারণায় স্বপন পাল জানান, একসময় বাদল সরকার নিজে ধুবুলিয়া রেলওয়ে ময়দানে তাঁর দলের নাটক মঞ্চস্থ করেছিলেন। সেই সূত্রেই ধুবুলিয়ায় গড়ে উঠেছিল থার্ড থিয়েটারের একটি সক্রিয় দল, যারা তাঁর একাধিক নাটক নিয়মিত অভিনয় করত।
আয়োজক সংস্থার প্রধান পীতম ভট্টাচার্য বলেন, বাদল সরকারের নাট্যভাবনা ও তৃতীয় রীতির দর্শন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণাতেই একসময় তিনি নিজেও তৃতীয় রীতির নাট্যচর্চায় যুক্ত ছিলেন। প্রতি বছরের মতো এ বছরও কথাশিল্প বাদল সরকারের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন অনুষ্ঠানে তাঁর কবিতা আবৃত্তির পাশাপাশি পাঠ করা হয়েছে বহুল আলোচিত নাটক - ‘বীজ’। আলোচনা, স্মৃতিচারণা, গান ও নাট্যপাঠে ভরপুর এই আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বাংলা নাটকের এই অনন্য স্রষ্টাকে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত