ইরানে মার্কিন হামলায় ৩০ জনের মৃত্যুর দাবি, আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
তেহরান ও ওয়াশিংটন, ১৫ জুলাই (হি.স.): ইরানের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মন্ত্রকের মুখপাত্র হোসেন কেরমানপুর জানান, আহতদের মধ্যে অন্তত তিন জন মহিলা ও ছয় জন শিশু রয়েছেন। তাঁদের মধ
ইরানে মার্কিন হামলায় ৩০ জনের মৃত্যুর দাবি, আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের


তেহরান ও ওয়াশিংটন, ১৫ জুলাই (হি.স.): ইরানের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মন্ত্রকের মুখপাত্র হোসেন কেরমানপুর জানান, আহতদের মধ্যে অন্তত তিন জন মহিলা ও ছয় জন শিশু রয়েছেন। তাঁদের মধ্যে ২২২ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেরমানপুর বলেন, এই হতাহতদের ঘটনা ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার সঙ্গে সম্পর্কিত। তবে হামলার নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি কিছু জানাননি। এই দাবির স্বাধীনভাবে এখনও যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি দাবি করেন, দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় ৩০ জনেরও বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে রাতভর চালানো হামলায় সাত সেনাকর্মীও নিহত হয়েছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ এবং বিশেষ দূত স্টিভ উইটকফ-সহ অন্যান্য শীর্ষ আধিকারিক।

বৈঠকের আগে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী তিন দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তিনি আরও জানান, মার্কিন সেনাবাহিনীর নজর রয়েছে পিকঅ্যাক্স মাউন্টেন-এর দিকে। যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের দাবি, ওই পাহাড়ের নীচেই ইরান তার পরমাণু কর্মসূচি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যকলাপ পরিচালনা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande