
গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : অসমের বীর সেনানায়ক লাচিত বড়ফুকনের জীবন ও বীরত্বগাথা এবার বড় পর্দায় তুলে ধরতে উদ্যোগী হয়েছে অসম সরকার। এই লক্ষ্যে বলিউডের জনপ্রিয় পরিচালক আদিত্য ধরের সঙ্গে আলোচনা চলছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, ১৭০০ শতকের আহোম সেনাপতি লাচিত বড়ফুকনের জীবন ও ঐতিহাসিক অবদানকে জাতীয় এবং আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে বলিউড মানের একটি বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
হিমন্তবিশ্ব শর্মা বলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক এবং ‘ধুরন্ধর’ ছবির নির্মাতা আদিত্য ধরের সঙ্গে এই প্রকল্প নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। আগামী আগস্ট মাসে তাঁর সঙ্গে বিস্তারিত বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, যদি কোনও কারণে আদিত্য ধর এই ছবিটি পরিচালনা করতে না পারেন, তা-হলে অন্য কোনও খ্যাতনামা পরিচালককে এই দায়িত্ব দেওয়া হবে। সরকারের মূল লক্ষ্য হলো, লাচিত বড়ফুকনের জীবনভিত্তিক একটি ভব্য ও আন্তর্জাতিক মানের বায়োপিক নির্মাণ করা। পরিকল্পনা বাস্তবায়িত হলে অসম সরকারের পৃষ্ঠপোষকতায় লাচিত বড়ফুকনের জীবন নিয়ে এটিই হবে প্রথম বলিউড-মানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
মুখ্যমন্ত্রী জানান, এই সিনেমার মাধ্যমে অসমের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং লাচিত বড়ফুকনের অসামান্য বীরত্ব ভারতের পাশাপাশি বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, ১৬৭১ সালের ঐতিহাসিক শরাইঘাটের যুদ্ধে মুঘল বাহিনীকে পরাজিত করে অসমকে রক্ষা করেছিলেন আহোম সেনাপতি লাচিত বড়ফুকন। তাঁর বীরত্ব, দেশপ্রেম এবং অসাধারণ সামরিক নেতৃত্ব আজও অসমের মানুষের কাছে গৌরব ও প্রেরণার প্রতীক।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস