পরিসীমা নির্ধারণ বিলে সর্বদলীয় বৈঠকের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে মহিলা সংরক্ষণ এবং তার সঙ্গে যুক্ত পরিসীমা নির্ধারণ (ডিলিমিটেশন) ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি প্র
পরিসীমা নির্ধারণ বিলে সর্বদলীয় বৈঠকের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের


নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে মহিলা সংরক্ষণ এবং তার সঙ্গে যুক্ত পরিসীমা নির্ধারণ (ডিলিমিটেশন) ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রস্তাবিত সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬ পুনরায় সংসদে আনার আগে এ বিষয়ে আলোচনা করতে অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিতে খাড়গে জানান, সরকার যদি সংশোধিত আকারে বিলটি আবার সংসদে আনতে চায়, তবে তার আগে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া এবং প্রস্তাবিত পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া জরুরি। তাঁর দাবি, এই ধরনের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে সর্বসম্মতভাবে মত গড়ে তোলাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

খাড়গে জানান, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে তিনি একাধিকবার সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে সর্বদলীয় বৈঠক আহ্বানের আবেদন করেছিলেন। কিন্তু সেই অনুরোধে সরকার সাড়া দেয়নি। উল্লেখ্য, ১৭ এপ্রিল লোকসভায় উত্থাপিত সংবিধান (১৩১তম সংশোধনী) বিল প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় তা পাস হয়নি।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকার আসন্ন বাদল অধিবেশনে সংশোধিত বিলটি আবার পেশ করার প্রস্তুতি নিচ্ছে। তাই সংসদে বিলটি উত্থাপনের আগে রাজনৈতিক দলগুলিকে প্রস্তাবিত সংশোধনগুলি খতিয়ে দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং সর্বদলীয় আলোচনার সুযোগ করে দেওয়া উচিত।

উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ২০ জুলাই। তার আগে বুধবার সোনিয়া গান্ধীর সভাপতিত্বে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে অধিবেশনে সরকারের বিরুদ্ধে কোন কোন ইস্যুতে সরব হওয়া হবে, তা নিয়ে বিস্তারিত কৌশল নির্ধারণ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ দলের শীর্ষ সাংসদরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande