
।। রাজীব দে ।।
চট্টগ্রাম, ১৬ জুলাই (হি.স.) : চট্টগ্রামকে সর্বধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনও অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। যুগ যুগ ধরে চট্টগ্রামে সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য কোনওভাবেই বিনষ্ট হতে দেওয়া হবে না।’
আজ বৃহস্পতিবার মহানগরীর নন্দনকানন রথের পুকুরপাড়, ডিসি হিল ও প্রবর্তক মোড় এলাকায় অনুষ্ঠিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করে এ সব কথা বলেন তিনি।
রথযাত্রাকে সম্প্রীতি ও সহনশীলতার প্রতীক উল্লেখ করে মেয়র বলেন, ‘রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য প্রতীক। আমরা এমন এক চট্টগ্রাম গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক সমান মর্যাদা ও পূর্ণ নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবেন।’
তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগরী গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমানভাবে নিশ্চিত হবে।
দেশে গণতান্ত্রিক পরিবেশ ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, সরকার মানুষের ধর্মীয় অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন করতে পারেন। একই সঙ্গে তিনি সকলকে কোনও ধরনের গুজব বা উস্কানিতে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
নিজেকে জনগণের একজন ‘সেবক’ হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় বৈচিত্র্যের দেশ। এখানে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, এটাই আমাদের বিশ্বাস।’ তিনি জানান, রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
রথযাত্রার শোভাযাত্রা শুরুর আগে মেয়র ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিরাপত্তা ও শোভাযাত্রার রুট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এদিনের বর্ণাঢ্য রথযাত্রায় বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার হরিশ কুমার, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা বিপ্লব দে পার্থ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বলবরণ বিশ্বাস, সংগঠক সুজন দাস, সৌরভপ্রিয় পাল সহ সনাতন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস