
।। রাজীব দে ।।
মাগুরা (বংলাদেশ), ১৬ জুলাই : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাগুরার সাহাপাড়াস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মাগুরার উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বর্ণাঢ্য রথযাত্রায় অংশ নিয়ে রথের দড়ি টেনে শুভ সূচনা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী।
মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস ব্রহ্মচারীর পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘ঈশ্বর কোনও অলৌকিক জগতের বাসিন্দা নন। মানুষের কর্ম, জীবনাচরণ, নীতি ও আদর্শের মাঝেই ঈশ্বরের অবস্থান। মানবকল্যাণ ও মানবতার মধ্য দিয়েই ঈশ্বরের প্রকাশ ঘটে।’
তিনি বলেন, পৃথিবীতে বিভিন্ন সময়ে নানা ধর্মের উদ্ভব হয়েছে। মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন - প্রত্যেক ধর্মেই ঈশ্বর সম্পর্কে নিজস্ব ধারণা রয়েছে। তবে প্রকৃত অর্থে ঈশ্বর এক এবং তিনি মানুষের মধ্যে সম্প্রীতি, মানবতা ও কল্যাণের বার্তাই বহন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মহম্মজ মনোয়ার হোসেন, জেলাশাসক মোস্তাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) এবং মাগুরা জেলা পরিষদের প্রশাসক মোহম্মদ আহম্মেদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী ও বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর পর সংস্কৃতি মন্ত্রী উপস্থিত অতিথি ও হাজারো ভক্তের সঙ্গে বর্ণাঢ্য রথযাত্রায় অংশগ্রহণ করেন। রথের দড়ি টেনে তিনি আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন।
ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস