
নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁস মামলার অন্যতম অভিযুক্ত ড. মনোজ ভগবানরাও শিরুরের জামিনের তীব্র বিরোধিতা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। বিশেষ সিবিআই আদালতে সংস্থার দাবি, এটি শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং দেশের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধ, যার প্রভাব পড়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের উপর। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিশেষ বিচারক অজয় গুপ্তা রায়দান স্থগিত রেখেছেন। আগামী ২২ জুলাই এই মামলায় জামিনের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত জানাবে।
বৃহস্পতিবার সিবিআইয়ের পক্ষে আইনজীবী নীতু সিং আদালতে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পরীক্ষা বাতিল করতে হওয়ায় লক্ষাধিক পরীক্ষার্থীকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। তাঁর দাবি, পুনরায় পরীক্ষা নেওয়ার ফলে সরকারের প্রায় ৬০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হয়েছে। এমনকি এই ঘটনার জেরে কয়েকজন পরীক্ষার্থী আত্মহত্যাও করেছেন বলে আদালতে উল্লেখ করে সিবিআই।
অন্যদিকে, ড. শিরুরের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি মূলত সহ-অভিযুক্ত প্রহ্লাদ কুলকর্ণীর স্বীকারোক্তিমূলক বয়ান। শুধুমাত্র সেই বক্তব্যের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করা যায় না। শিরুরের বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ বা শক্তিশালী প্রমাণও তদন্তকারী সংস্থা আদালতে পেশ করতে পারেনি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, অভিযুক্ত পলাতক হওয়ার কোনও সম্ভাবনাও নেই বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সকলেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। গত ১২ মে এক সরকারি আধিকারিকের অভিযোগের ভিত্তিতে সিবিআই ভারতীয় ন্যায় সংহিতা ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে। ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা বাতিল করে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই কেন্দ্র সরকার গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য