
গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের তিনটি পুনর্বিকশিত রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে অসমের মাজবাট, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রদানমন্ত্রী। একই দিনে দেশের বিভিন্ন প্রান্তে পুনর্বিকশিত ৭৫টি ‘অমৃত স্টেশন’ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন তিনি।
আজ বৃহস্পতিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেলস্টেশনগুলির আধুনিকীকরণের লক্ষ্যে দেশজুড়ে যে ব্যাপক কর্মযজ্ঞ চলছে, এই উদ্বোধন তারই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অসমে এই প্রকল্পের জন্য নির্বাচিত ৫০টি রেলস্টেশনের মধ্যে হয়বরগাঁওয়ের পর মাজবাট দ্বিতীয় স্টেশন হিসেবে উদ্বোধন হতে চলেছে। মাজবাট স্টেশনের পুনর্বিকাশে প্রায় ১০.১৯ কোটি টাকা, জলপাইগুড়ি রোড স্টেশনে ৩৪.৮০ কোটি টাকা এবং হলদিবাড়ি স্টেশনে ২৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
কপিঞ্জল কিশোর জানান, এই তিনটি স্টেশনের আধুনিকীকরণ শুধু যাত্রী পরিষেবা উন্নত করবে না, উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে। উন্নত যাত্রীসুবিধা, সহজগম্যতা, আধুনিক পরিকাঠামো এবং স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে স্টেশনগুলিকে নতুন রূপ দেওয়া হয়েছে।
প্রেস বার্তা তিনি জানিয়েছেন, এই প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের রেল পরিকাঠামো আধুনিকীকরণ এবং আঞ্চলিক বৈষম্য দূর করার লক্ষ্যেরই প্রতিফলন। পুনর্বিকশিত স্টেশনগুলি শুধু যাতায়াতের কেন্দ্র নয়, সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক হয়ে উঠবে।
কপিঞ্জল কিশোর শর্মা জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে যাত্রীদের জন্য বিশ্বমানের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে স্টেশনগুলিকে আধুনিক রূপে গড়ে তোলা হচ্ছে। মাজবাট, জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধনের মাধ্যমে অসম, পশ্চিমবঙ্গ এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস