ঢাকায় সাড়ম্বরে শুরু ইসকন আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা, ভক্তদের উপচে পড়া ভিড়
।। রাজীব দে ।। ঢাকা, ১৬ জুলাই (হি.স.) : ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি এবং উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকায় শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় শাস্ত্রসম
স্বামীবাগ ইসকন মন্দিরের রথযাত্রা


।। রাজীব দে ।।

ঢাকা, ১৬ জুলাই (হি.স.) : ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি এবং উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকায় শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় শাস্ত্রসম্মত আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসরণ করে ভগবান জগন্নাথ, বলদেব এবং দেবী সুভদ্রার বর্ণাঢ্য রথযাত্রার শুভ সূচনা হয়।

এবারের রথযাত্রা রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির (আশ্রম) থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, সচিবালয় মেট্রো স্টেশন, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট এলাকা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহিদ মিনার ও পলাশী মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়েছে।

রথযাত্রাকে ঘিরে দুপুর থেকেই স্বামীবাগ আশ্রম ও আশপাশের এলাকায় রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। জগন্নাথদেবের দর্শন ও আশীর্বাদ লাভের আশায় আবালবৃদ্ধবনিতা উপস্থিত হন। সুসজ্জিত বিশাল রথের দড়ি টানতে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তিমূলক সংগীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধর্মীয় আবহে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

রথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের কড়া নজরদারি ও প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মীয় প্রথা অনুযায়ী, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। সেদিন বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে একই পথ ধরে পুনরায় স্বামীবাগ ইসকন আশ্রমে ফিরে আসবে। এর মধ্য দিয়েই এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানিয়েছেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সামাজিক ঐক্যেরও প্রতীক। উৎসবে অংশ নেওয়া দেশ-বিদেশের সকল ভক্ত ও দর্শনার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande