
ভুজ/কচ্ছ, ১৬ জুলাই (হি.স.): গুজরাটের কচ্ছ জেলায় বৃহস্পতিবার দুপুরে মাত্র তিন মিনিটের ব্যবধানে পরপর দু’টি মৃদু ভূমিকম্পের ঝটকা অনুভূত হয়েছে। প্রথম কম্পনটি খভড়া অঞ্চলের কাছে এবং দ্বিতীয়টি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ধোলাবীরার কাছে নথিভুক্ত করা হয়েছে। রিখটার স্কেলে এই দুই কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৩.৬ এবং ৩.২।
প্রথম কম্পনটি দুপুর ২টো ২০ মিনিটে খভড়া এলাকায় অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৩.৬। এর ঠিক তিন মিনিট পর, দুপুর ২টো ২৩ মিনিটে ধোলাবীরার কাছে দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়, যার তীব্রতা রেকর্ড করা হয়েছে ৩.২।
আষাঢ়ী বীজের (কচ্ছের নববর্ষ) উৎসবের আবহেই এই লাগাতার দু’টি কম্পনের ফলে সীমান্ত লাগোয়া এলাকার মানুষের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে স্বস্তির বিষয় এই যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও ভূকম্পনের দৃষ্টিভঙ্গি থেকে কচ্ছের এই সীমান্ত এলাকা অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত এবং এখানে মাঝেমধ্যেই এমন মৃদু ভূকম্পন অনুভূত হয়ে থাকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি