
উত্তরকাশী, ১৬ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় নির্মাণাধীন সিল্কিয়ারা টানেলে ফের বড়সড় দুর্ঘটনা। বুধবার গভীররাতে টানেলের ভেতর কংক্রিটের চাঙর ভেঙে পড়ে মৃত্যু হলো এক তরুণ শ্রমিকের। মৃত শ্রমিকের বয়স ২১ বছর এবং তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার উত্তরকাশী জেলা জরুরি অপারেশন কেন্দ্র সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক ২টো নাগাদ টানেলের বড়কোট প্রান্ত থেকে প্রায় ৯০০ মিটার ভেতরে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে কাজ চলার সময় টানেলের কংক্রিট (শর্টক্রিট) লাইনিংয়ের একটি বড় ব্লক আচমকা ভেঙে নিচে পড়ে যায়। সেই সময় সেখানে কর্মরত ওই তরুণ শ্রমিক ব্লকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলাতেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সুড়ঙ্গের ভেতরে উদ্ধারকাজ শুরু করেন আধিকারিক ও উদ্ধারকর্মীরা। ইতিমিধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে ওই শ্রমিকের মৃতদেহটি বাইরে বের করে আনা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে এবং একটি ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে।
উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে বড়কোটের মহকুমা শাসককে (এসডিএম) অবিলম্বে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। এসডিএম-কে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি নির্মাণকারী সংস্থার নিরাপত্তা মানদণ্ডগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জেলাশাসক নির্দেশ দিয়েছেন, নিহতের পরিবারকে যেন সব ধরনের আইনি ও আর্থিক সহায়তা দেওয়া হয় এবং টানেলের ভেতরে কর্মরত অন্যান্য শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কড়া পদক্ষেপ করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি