
নারায়ণপুর, ১৭ জুলাই (হি.স.): ছত্তিশগড়ের নারায়ণপুরে পুলিশ এবং বিএসএফের ৫৮তম ব্যাটালিয়নের জওয়ানদের যৌথ তল্লাশি অভিযানে সন্ধান মিললো নকশালদের গোপন অস্ত্রের ঘাঁটির| শুক্রবার এই অভিযান চালানো হয়| এই বিষয়ে জানিয়েছেন নারায়ণপুরের পুলিশ সুপার সন্দীপ প্যাটেল|
এদিন তিনি জানান, নকশাল প্রভাবিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই অভিযান| আগে থেকেই নকশালদের লুকিয়ে রাখা এইসব অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রীর সন্ধানে নারায়ণপুর পুলিশ ও বিএসএফের ৫৮তম ব্যাটালিয়নের জওয়ানদের যৌথ দল ক্রমাগত তল্লাশি অভিযান চালাচ্ছিল। কোহকামেটা থানার অন্তর্গত কাচ্চাপালের গভীর জঙ্গলেও এই অভিযান চালানো হয়| সেখানেই খোঁজ মেলে নকশালদের গোপন অস্ত্রের ঘাঁটির| সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি পয়েন্ট ৩০৩ রাইফেল, একটি পয়েন্ট ৩১৫ রাইফেল, ব্যারেল লঞ্চার এবং বেশ কিছু কার্তুজ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ