
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : শুক্রবার কলকাতায় চালু হলো কনজিউমার বিজনেস গ্রুপ (সিবিজি) জেমিনি এক্সপেরিয়েন্স সেন্টার। এর ফলে এই মুহূর্তে দেশে অর্থাৎ ভারতে টিসিএসের জেমিনি এক্সপেরিয়েন্স সেন্টারের সংখ্যা বেড়ে হল তিনটি। এর আগে চেন্নাই ও বেঙ্গালুরুতে দু’টি কেন্দ্র চালু হয়েছে।
টিসিএস কর্তৃপক্ষ শুক্রবার জানায় যে, চলতি বছরের শেষেই বিশ্বজুড়ে মোট ১০টি জেমিনি এক্সপেরিয়েন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে চারটি ভারতেই। গুগল ক্লাউডের পার্টনারশিপ বিভাগের ডিরেক্টর শিভির চোরদিয়ার কথায়, - এই কেন্দ্র সংস্থাগুলিকে ‘এজেন্টিক এআই’ প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়াতে সাহায্য করবে। টিসিএসের কনজিউমার বিজনেস গ্রুপের সিটিও মুরলী রামনাথন বলেন, - পরীক্ষামূলক প্রকল্পের গণ্ডি পেরিয়ে বৃহৎ পরিসরে এআই ব্যবহারে সংস্থাগুলিকে সহায়তা করাই এই কেন্দ্রের মূল লক্ষ্য।
নতুন কেন্দ্রে স্টোর পরিচালনা, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, ওমনি-চ্যানেল খুচরো ব্যবসা, গ্রাহক পরিষেবা, মানবসম্পদ ও নিয়োগ-সহ একাধিক ক্ষেত্রে এআই-ভিত্তিক সমাধান প্রদর্শন ও যৌথ উদ্ভাবনের ব্যবস্থা থাকবে। টিসিএসের দাবি, তারা ইতিমধ্যেই জেমিনি এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মে ৩,০০০-এর বেশি শিল্পভিত্তিক এআই এজেন্ট তৈরি করেছে, যা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজে সহজেই সংযুক্ত করা সম্ভব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত