
মুম্বই,১৮ জুলাই (হি. স.): জনপ্রিয় টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) আগামী ১০ আগস্ট তার ১৮তম সিজন নিয়ে ফিরতে চলেছে। এবার শো-টির ফরম্যাট এবং নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি নতুন প্রোমোতে ব্যাখ্যা করেছেন যে, এই পরিবর্তনশীল ডিজিটাল যুগে প্রতিযোগীদের এখন শুধু সাধারণ জ্ঞানই নয়, তাদের চিন্তাভাবনা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতারও পরীক্ষা নেওয়া হবে। এই সিজনের থিম হলো আপনাকে ভাবতে হবে।
জানা গেছে, প্রোমোতে অমিতাভ বচ্চন বলেছেন যে আজকের বিশ্বে, স্মার্টফোন এবং ইন্টারনেটের কল্যাণে সমস্ত তথ্য সহজেই পাওয়া যায়, তাই শুধু উত্তর মুখস্থ করলেই সাফল্য আসবে না। তিনি বলেন, আজকাল উত্তর সব জায়গায় পাওয়া যায়, এমনকি আপনার পকেটেও। তাই, এবার কেবিসি-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। শুধু উত্তর মুখস্থ করলেই আর চলবে না; উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে ভাবতে হবে। অন্য একটি প্রোমোতে তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে, ভূগোল, ইতিহাস এবং বিজ্ঞানের মতো বিষয়গুলির গতানুগতিক জ্ঞানের বাইরেও অংশগ্রহণকারীদের যৌক্তিক ক্ষমতা পরীক্ষা করা হবে।
২০০০ সালে শুরু হওয়া কৌন বনেগা ক্রোড়পতি ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল শো হিসেবে বিবেচিত হয়। শাহরুখ খানের সঞ্চালনায় তৃতীয় সিজনটি ছাড়া বাকি সব সিজনই সঞ্চালনা করেছেন অমিতাভ বচ্চন। আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ১৮ তম সিজনের মাধ্যমে বিগ বি কেবিসি-র সঙ্গে তাঁর ২৬ বছরের সম্পর্কে একটি নতুন অধ্যায় যোগ করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন