
কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গের স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস ও রোলিং মিল শিল্পে শিল্পব্যাপী মজুরি চুক্তি স্বাক্ষরিত হল। শনিবার শ্রম দপ্তরের উদ্যোগে হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। ছিলেন শ্রমসচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার কিংশুক সিনহা-সহ শ্রম দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, ইপিএফ, ইএসআই, ফ্যাক্টরি ও দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত দপ্তরের প্রতিনিধিরা এবং শিল্পমালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।নতুন চুক্তির ফলে সংশ্লিষ্ট শিল্পগুলির শ্রমিকদের মাসিক মজুরি গড়ে প্রায় ২ হাজার টাকা বাড়বে। এর জেরে রাজ্যের প্রায় দেড় লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবেন বলে জানানো হয়েছে। চুক্তিতে প্রথম বার ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, ফ্যাক্টরি আইন এবং পরিবেশ সংক্রান্ত বিধি মেনে চলাকে বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বয়ে এই বিধান কার্যকর হবে।
এ ছাড়াও, ভবিষ্যতে কোড অন ওয়েজেস অনুযায়ী ফ্লোর ওয়েজ চালু হলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও রাখা হয়েছে। শ্রমিকদের আর্থিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং শিল্পে সুস্থ শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক গড়ে তুলতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে শ্রম দপ্তর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত