
লিমা, ২ জুলাই (হি.স.) : অ্যাল-নিনো আবহাওয়া পরিস্থিতির জেরে অতিবৃষ্টির আশঙ্কায় পেরুর ৭৯৬টি জেলায় ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছে সরকার। দেশের মোট জেলার প্রায় ৪০ শতাংশ এই ঘোষণার আওতায় এসেছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব এলাকায় অতিবৃষ্টি, বন্যা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে, সেখানেই এই জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রাজধানী লিমা, কুসকো ও আরেকিপার মতো গুরুত্বপূর্ণ এলাকাও রয়েছে।
জরুরি অবস্থার সময় জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার ও ত্রাণকাজ চালাবে। সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। সরকারি নির্দেশ অনুযায়ী, ত্রাণ ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যয় সংশ্লিষ্ট দফতরগুলি তাদের নিজস্ব বরাদ্দ থেকেই বহন করবে। এ জন্য অতিরিক্ত সরকারি তহবিল বরাদ্দ করা হবে না।
উল্লেখ্য, অ্যাল-নিনো হল প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের জলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার স্বাভাবিক ধারা বদলে যায়। কোথাও খরার পরিস্থিতি তৈরি হয়, আবার কোথাও অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য