
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে প্রণামী আত্মসাতের অভিযোগে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেসের সংগঠন সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। তাঁর অভিযোগ, এটি শুধুমাত্র আর্থিক অনিয়ম নয়, কোটি কোটি ভক্তের বিশ্বাসের সঙ্গে জড়িত অত্যন্ত গুরুতর বিষয়।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশ করে বেনুগোপাল বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভগবান রামের নামে নিষ্ঠার সঙ্গে দান করেছেন। সেই অর্থ ও মূল্যবান সামগ্রী ব্যবস্থাপনায় দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ সামনে আসায় মানুষের আস্থা নড়ে গেছে।
তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কেন্দ্রের গঠিত একটি পাবলিক ট্রাস্টের মাধ্যমে রামমন্দির নির্মিত হয়েছে। ফলে মন্দির পরিচালনায় কোনও অনিয়ম বা দুর্নীতির নৈতিক ও প্রশাসনিক দায় কেন্দ্র সরকারেরও রয়েছে।
বেনুগোপালের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়মের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রণামীর অর্থ ও গয়না সংরক্ষণে গুরুতর গাফিলতির ইঙ্গিত মিলেছে। পাশাপাশি সাত থেকে আট মাসের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় প্রমাণ লোপাটের আশঙ্কাও তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, উত্তর প্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর তদন্ত এখনও নিম্নস্তরের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ। প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের ব্যবস্থা করার আহ্বান জানান কংগ্রেস নেতা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য