আসানসোলে ‘গার্মেন্ট এক্সপো ২০২৬’-এর শুভ সূচনা, উদ্বোধন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পশ্চিম বর্ধমান, ২ জুলাই (হি.স.) : আসানসোলে বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘গার্মেন্ট এক্সপো ২০২৬’-এর শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানে দেশজুড়ে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতি, ব্যবসায়ী, বিভিন্ন নামী কোম্পানির প্রতিনিধি এবং ফ্যাশন জগতের বিশে
আসানসোলে ‘গার্মেন্ট এক্সপো ২০২৬’


পশ্চিম বর্ধমান, ২ জুলাই (হি.স.) : আসানসোলে বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘গার্মেন্ট এক্সপো ২০২৬’-এর শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানে দেশজুড়ে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতি, ব্যবসায়ী, বিভিন্ন নামী কোম্পানির প্রতিনিধি এবং ফ্যাশন জগতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

এদিন প্রদীপ জ্বালিয়ে এই বিশেষ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এক্সপো প্রাঙ্গণে পৌঁছালে উদ্যোক্তাদের তরফে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় এবং উপস্থিত সকলের করতালির মধ্য দিয়ে তাঁকে সংবর্ধিত করা হয়।

এই ‘গার্মেন্ট এক্সপো ২০২৬’-এ রেডিমেড পোশাক, লেটেস্ট ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তির একাধিক স্টল দেওয়া হয়েছে। এই প্রদর্শনীটি ব্যবসায়ীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি, নেটওয়ার্কিং এবং বস্ত্রশিল্পের আধুনিক ট্রেন্ড বা গতিপ্রকৃতি আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

উদ্বোধনী দিনে এক্সপোতে শিল্প জগতের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষেরও ঢল নামে। বিভিন্ন স্টলে প্রদর্শিত নতুন নতুন ডিজাইন এবং টেক্সটাইল পণ্য ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

উদ্যোক্তাদের মতে, এই ধরণের বৃহৎ আয়োজনের ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে যেমন গতি আসবে, তেমনই নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে আসানসোল টেক্সটাইল এবং বস্ত্রশিল্পের একটি উদীয়মান কেন্দ্র হিসেবে নিজের পরিচিতি আরও মজবুত করতে পারবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande