
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : এডেন উপসাগরে ভারতের উদ্দেশে প্রয়োজনীয় পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ এমভি গোল্ডেন আর্সেনাল-এ জলদস্যুদের হামলার চেষ্টা নস্যাৎ করল ভারতীয় নৌবাহিনী। যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকান্ড ঘটনাস্থলে পৌঁছতেই জলদস্যুরা পালিয়ে যায়। পরে নৌবাহিনীর মেরিন কমান্ডো (মারকোস) জাহাজে তল্লাশি চালিয়ে সেটিকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করে।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিবেক মাধওয়াল জানান, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্সের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি গোল্ডেন আর্সেনাল ভারতের জন্য প্রয়োজনীয় পণ্য নিয়ে অ্যাডেন উপসাগর দিয়ে যাওয়ার সময় জিবুতির উত্তর-পূর্বে প্রায় ৩০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের হামলার মুখে পড়ে। জাহাজের নাবিকরা নিরাপদ কক্ষে (সিটাডেল) আশ্রয় নিয়ে ইনফরমেশন ফিউশন সেন্টার–ইন্ডিয়ান ওশান রিজিয়ন (আইএফসি-আইওআর)-এ বিপদসংকেত পাঠান।
সঙ্কেত পাওয়ার পর এলাকায় মোতায়েন আইএনএস ত্রিকান্ড দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়। যুদ্ধজাহাজ কাছে পৌঁছতেই জলদস্যুরা পালিয়ে যায়। জাহাজে থাকা ২১ জন নাবিক, যার মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন, নিরাপদে উদ্ধার হন। হামলায় জাহাজের ব্রিজ সুপারস্ট্রাকচার ও সংলগ্ন অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ জুলাই সকালে আইএনএস ত্রিকান্ডের বোর্ডিং টিম ও মারকোস কমান্ডোরা জাহাজে উঠে বিস্তৃত তল্লাশি চালান। কোনও সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি না পাওয়ায় জাহাজটিকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করা হয়।
অভিযানে সহায়তার জন্য ভারতীয় নৌবাহিনী একটি পি-৮আই সামুদ্রিক নজরদারি বিমানও মোতায়েন করে, যা আকাশপথে নজরদারি চালিয়ে অভিযানে সহায়তা করে।
অভিযান সফলভাবে শেষ হওয়ার পর এমভি গোল্ডেন আর্সেনাল পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, জলদস্যু দমন এবং সমুদ্রপথে নিরাপত্তা বজায় রাখতে তারা ভবিষ্যতেও একইভাবে তৎপর থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য