খামেনেইর শেষকৃত্যের পর স্থান চূড়ান্ত, সরাসরি আলোচনায় সম্মত ইরান-আমেরিকা
দোহা/তেহরান/ওয়াশিংটন, ২ জুলাই (হি.স.) : কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের উদ্যোগে ইরান ও আমেরিকা সরাসরি আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল
খামেনেইর শেষকৃত্যের পর স্থান চূড়ান্ত, সরাসরি আলোচনায় সম্মত ইরান-আমেরিকা


দোহা/তেহরান/ওয়াশিংটন, ২ জুলাই (হি.স.) : কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের উদ্যোগে ইরান ও আমেরিকা সরাসরি আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিষয়টি সঠিক পথে এগোচ্ছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে তাঁর দাবি।

কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পৃথকভাবে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ১৭ জুনের সমঝোতা স্মারক (এমওইউ)-সংক্রান্ত বিষয়গুলিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সব পক্ষই ভবিষ্যতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর শেষকৃত্যের পর পরবর্তী বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ দোহায় উপস্থিত থাকলেও তাঁরা প্রযুক্তিগত আলোচনায় অংশ নেননি। তাঁরা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেন, দোহার আলোচনা ইতিবাচক হলেও প্রয়োজনে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁর কথায়, এটি সম্পূর্ণভাবে ইরানের পদক্ষেপের উপর নির্ভর করছে। প্রেসিডেন্ট অপ্রয়োজনীয়ভাবে সেনা পাঠাবেন না, তবে জাতীয় স্বার্থে প্রয়োজন হলে সিদ্ধান্ত বদলাতেও পিছপা হবেন না।

ভ্যান্স আরও বলেন, ইরান যদি আবার পরমাণু কর্মসূচি শুরু করে বা বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, তবে পরিস্থিতি বদলে যেতে পারে। আপাতত ওয়াশিংটনের লক্ষ্য আলোচনার মাধ্যমে সমাধান।

এদিকে, ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম গারিবাবাদি বাহরাইনে আমেরিকার নেতৃত্বে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা বৈঠককে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার অধিকার ইরানেরই রয়েছে এবং বাহরাইনের বৈঠক এ বিষয়ে কোনও বৈধ ভূমিকা পালন করতে পারে না। তিনি আরও জানান, দোহায় ইরানি প্রতিনিধিদলের বৈঠক শুধুমাত্র কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গেই হয়েছে।

অন্যদিকে, কাতারের মন্ত্রিসভা আমেরিকা-ইরান সংলাপকে সমর্থন জানিয়ে বলেছে, আলোচনার মাধ্যমেই অমীমাংসিত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়ে কাতার বলেছে, এই ধরনের পদক্ষেপ সংশ্লিষ্ট দেশগুলির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande