
বেঙ্গালুরু, ২ জুলাই (হি.স.): বেঙ্গালুরু দক্ষিণ তালুকায় পাথরের বিশাল অংশ পড়ে সাতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মাদাপাতনা গ্রামের কাবেরী ক্রাশার স্টোন কোয়ারিতে (পাথর খাদানে) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খাদানের ওপরের অংশে একটি বিশাল পাথর সরানোর সময় সেটি পিছলে নিচে খাদানের গর্তে পড়ে যায়, যেখানে শ্রমিকরা কাজ করছিলেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং খাদানের মালিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। মৃত শ্রমিকরা বিহার, মধ্যপ্রদেশ এবং উত্তর কর্ণাটকের বাসিন্দা ছিলেন।
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যে মালিকরা তাঁদের অধীনে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ