অনশন মঞ্চে অসুস্থ সোনম ওয়াংচুক, পঞ্চম দিনে শারীরিক অবস্থার অবনতি
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : নতুন দিল্লির যন্তর-মন্তরে চলা অনশনের পঞ্চম দিনে পরিবেশবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার তাঁর রক্তে শর্করার মাত্রা নেমে ৬০-এ পৌঁছায়। পাশাপাশি রক্তচাপও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যাওয়ায
অনশন মঞ্চে অসুস্থ সোনম ওয়াংচুক, পঞ্চম দিনে শারীরিক অবস্থার অবনতি


নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : নতুন দিল্লির যন্তর-মন্তরে চলা অনশনের পঞ্চম দিনে পরিবেশবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার তাঁর রক্তে শর্করার মাত্রা নেমে ৬০-এ পৌঁছায়। পাশাপাশি রক্তচাপও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে এক্স-এ পোস্ট করে দাবি করেছেন, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা উদ্বেগজনক। সমর্থকদের একাংশের অভিযোগ, তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হলে তার দায় সরকারেরই নিতে হবে।

এদিন অনশন মঞ্চে এসে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী। এ সময় উপস্থিত সমর্থকেরা তাঁর পাশে থাকার বার্তা দেন।

এদিকে, যন্তর-মন্তরে আন্দোলনস্থলে পড়াশোনার জন্য একটি উন্মুক্ত পাঠাগার তৈরির উদ্যোগ নেন কয়েকজন ছাত্র। অভিযোগ, দিল্লি পুলিশ সেই উদ্যোগে বাধা দেয়। আন্দোলনকারীদের দাবি, এসিপি অজয় শর্মার নেতৃত্বে পুলিশ এসে পাঠাগার সরিয়ে দেয় এবং ছত্রপতি শিবাজি মহারাজ, ভগত সিং-সহ বিভিন্ন মনীষীর জীবনীসংক্রান্ত বই মাটিতে ফেলে দেয়। ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিক ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

উল্লেখ্য, গত ১৩ দিন ধরে যন্তর-মন্তরে সিজেপি-র নেতৃত্বে বিক্ষোভ চলছে। তারই অংশ হিসেবে গত পাঁচ দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জবাবদিহির দাবি জানাচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande