
শান্তিপুর (নদিয়া), ২০ জুলাই (হি. স.):-রাজস্থানের যোধপুরে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের ভারতীয় সেনাবাহিনীর অফিসার কানাই সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, প্রতিবেশী এবং গোটা শান্তিপুর জুড়ে।পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তাঁর স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়েছিল। পরদিন সকাল সাড়ে ৯টা নাগাদ পরিবারের কাছে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর প্রায় চারটে নাগাদ যোধপুরে নিজের সরকারি কোয়ার্টারে থাকাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পরিবারের দুই সদস্য যোধপুরে পৌঁছান। সোমবার কফিনবন্দি অবস্থায় কানাই সরকারের মরদেহ শান্তিপুরের বড় জিয়াপুরে তাঁর বাড়িতে আনা হয়। শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় জমান এলাকার মানুষ। পরে স্থানীয় একটি স্কুল মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট প্রদান করা হয়।পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা, তিন দাদা ও তাঁদের পরিবার, স্ত্রী এবং দুই কন্যা। পরিবারের সদস্যরা জানান, কিছু শারীরিক সমস্যা থাকলেও তা প্রাণঘাতী ছিল বলে তাঁদের মনে হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারের পাশে থাকার এবং সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়