
হাফলং (অসম), ২০ জুলাই (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবলাল গার্লোসা ২০২৬-২৭ অর্থবর্ষের অসম বাজেটকে স্বাগত জানিয়ে একে ভারসাম্যপূর্ণ, জনমুখী ও উন্নয়নমুখী বাজেট বলে অভিহিত করেছেন।
আজ সোমবার হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে স্থানীয় বিধায়ক রূপালি লাংথাসা এবং বিজেপির জেলা সভাপতি ধৃতি থাওসেনকে পাশে বসিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেবোলাল বলেন, এবারের বাজেটে ডিমা হাসাও জেলার জন্য সন্তোষজনক বরাদ্দ রাখা হয়েছে। নারী ক্ষমতায়ন, যুব উন্নয়ন, পর্যটন, স্বাস্থ্য পরিষেবা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা পাহাড়ি জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়াকে ধন্যবাদ জানিয়ে সিইএম গার্লোসা বলেন, এই বাজেট অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দেবোলাল গার্লোসা বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে পরিষদের বার্ষিক রাজস্ব আয় প্রায় ১২০ কোটি টাকা হলেও, তা বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পরিষদের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় করবে এবং জেলার পরিকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে সহায়ক হবে। পাশাপাশি ডিমা হাসাওয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ, বলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব