অসমে বন্যা বিপর্যয়, বন্ধ শিমলুগুড়ি–নামতিয়ালি রুটে ট্রেন চলাচল
গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : উজান অসমের শিবসাগর জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে রেল পরিষেবায়। ডিখৌ নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় শিমলুগুড়ি-নামতিয়ালি এবং শিমলুগুড়ি-সেলেংহাট রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে
রেললাইনের ওপর দিয়ে প্রবাহিত বন্যার জল


গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : উজান অসমের শিবসাগর জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে রেল পরিষেবায়। ডিখৌ নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় শিমলুগুড়ি-নামতিয়ালি এবং শিমলুগুড়ি-সেলেংহাট রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, উজান অসমের বিভিন্ন জেলায় অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত শিমলুগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার জল শিমলুগুড়ি রেলস্টেশনের ইয়ার্ড, রেলওয়ে ট্র্যাক, রেল কলোনি এবং আশপাশ এলাকায় ঢুকে পড়েছে। এমন-কি শিমলুগুড়ি সেকশনের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর দিয়েও জল প্রবাহিত হচ্ছে। কয়েকটি জায়গায় ট্র্যাকের নীচে জল-পাথর ধুয়ে যাওয়ায় প্ৰচণ্ড স্ৰোতে বন্যার জল প্ৰবাহিত হচ্ছে।

যাত্রীদের নিরাপত্তা এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে ডিব্রুগড় ও নিউ তিনসুকিয়াগামী এবং সেখান থেকে ছেড়ে আসা একাধিক দূরপাল্লার ট্রেনকে রাঙিয়া-রাঙাপাড়া-ডিব্রুগড় বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে নির্দিষ্ট গন্তব্যের আগেই যাত্রা শেষ করতে এবং কিছু ট্রেনকে সংক্ষিপ্ত রুট থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সকয়টি ট্ৰেন বাতিল করা হয়েছে সেগুলি যথাক্রমে ৫৫৯১৪ নম্বর টিনসুকিয়া-যোরহাট টাউন প্যাসেঞ্জার, ৭৫৬০২ নম্বর তিনসুকিয়া-লামডিং ডেমু, ১৫৬০৪ নম্বর লিডু-গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৯৬৮ নম্বর লিডু-রঙিয়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং ৫৫৯১০ নম্বর ডিব্রুগড়-শিমলুগুড়ি প্যাসেঞ্জার।

এছাড়া রাজধানী এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, অবধ অসম এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে বিকল্প রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।

বন্যায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে খাদ্যের প্যাকেট, পানীয় জল, টিকিট ফেরতের ব্যবস্থা এবং সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি নামতিয়ালি থেকে যাত্রীদের শিবসাগর টাউন স্টেশনে পৌঁছে দিতে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস এবং স্থানীয় যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে ডিব্রুগড় ও নিউ তিনসুকিয়ার উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যার জল নেমে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande