
কলকাতা, ২০ জুলাই (হি. স.): পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য সংস্থা (স্টেট হেলথ এজেন্সি বা এসএইচএ)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ এই সংস্থা এবং কেন্দ্রীয় ডাক বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে আরও দ্রুত, নিরাপদ এবং সহজ উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুই পক্ষ একযোগে কাজ করবে।
উল্লেখ্য, এ দিন সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন রাজ্য স্বাস্থ্য সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও স্বাস্থ্য দপ্তরের সচিব শ্রী এস. কে. দ্বিবেদী এবং পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (মেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) শ্রী রিজু গঙ্গোপাধ্যায়।
এই অংশীদারিত্বের অন্যতম প্রধান লক্ষ্য হলো ই-কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তাদের পরিচয় নিরাপদ ও নির্ভুলভাবে যাচাই করা, যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরা এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান। এর পাশাপাশি, যাচাই সম্পন্ন হওয়া উপভোক্তাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে আয়ুষ্মান ভারতের পেপার/প্লাস্টিক স্বাস্থ্য কার্ড। শহর থেকে প্রত্যন্ত গ্রাম— রাজ্যের সর্বত্র এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজ্য স্বাস্থ্য সংস্থা ও ভারতীয় ডাক বিভাগ জানিয়েছে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত