
কার্যকর্তাদের সক্রিয় থাকার আহ্বান প্রদেশ সভাপতি দিলীপের
গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : যোরহাট, শিবসাগর, চড়াইদেও সহ বন্যাকবলিত জেলাগুলিতে অসম সরকার যুদ্ধকালীন তৎপরতায় বন্যা মোকাবিলা, উদ্ধার এবং ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও প্রশাসনের সহযোগী হিসেবে বন্যাদুর্গত মানুষের কাছে সময়মতো ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন, জানিয়েছে প্রদেশ বিজেপি।
আজ সোমবার অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের প্রদেশ মুখপাত্র রঞ্জীব কুমার শর্মা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন যে ব্যাপক তৎপরতা চালাচ্ছে, তাকে অসম প্রদেশ বিজেপি স্বাগত জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাঁজি, ডিখৌ, দিচাং এবং ভোগদৈ নদীর দুই তীরের স্পর্শকাতর বাঁধগুলিতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। দিন-রাত বালিভর্তি বস্তা ফেলা, পাইপিং নিয়ন্ত্রণ এবং জরুরি ভিত্তিতে বাঁধ শক্তিশালী করার কাজও চলছে। এ সব কাজে বিজেপির কার্যকর্তারা স্বেচ্ছাসেবক হিসেবে প্রশাসনকে সহযোগিতা করছেন।
এদিকে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রেখে সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তিনি উদ্ধার অভিযান আরও জোরদার করা এবং দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে কোনওরকম গাফিলতি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন।
জলসম্পদ দফতর, দুর্যোগ ব্যবস্থাপনা দফতর, জেলা প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ, অসম পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলি সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, বন্যার এই সংকটকালে মানুষের জীবন, জীবিকা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মুখ্যমন্ত্রী গতকাল ১৯ জুলাই রাতে মন্ত্রিসভার সদস্য অজন্তা নেওগ, বিমল বরা, সুশান্ত বড়গোঁহাই এবং কেশব মহন্তকে বন্যাকবলিত জেলাগুলিতে পাঠিয়ে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ পাওয়ার পরই মন্ত্রীরা রাতেই সংশ্লিষ্ট জেলাগুলিতে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি শুরু করেন। এতে দুর্গত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে বিজেপির দাবি।
অন্যদিকে, দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়ার পরামর্শে বন্যাকবলিত তিনটি জেলার জেলা সভাপতি ও জেলা পর্যবেক্ষকদের নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে অংশ নিচ্ছেন।
বর্তমানে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থান করলেও সাংসদ দিলীপ শইকিয়া বন্যাকবলিত এলাকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।
বিজেপির দাবি, শিবসাগর জেলার নাজিরা বিধানসভা কেন্দ্রের চন্তক ও গড়মুর এলাকায় জেলা পর্যবেক্ষক লক্ষ্য কোঁওর এবং জেলা সভাপতি বিতোপন রাইদঙিয়ার নেতৃত্বে বিজেপি যুব মোর্চার শতাধিক কার্যকর্তা দিন-রাত ত্রাণ বিতরণে প্রশাসনকে সহযোগিতা করছেন। একইভাবে চড়াইদেও এবং যোরহাট জেলায়ও শতাধিক বিজেপি কার্যকর্তা বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন, জানানো হয়েছে দলীয় বিবৃতিতে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস